রংপুরের ৩ উপজেলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মেতায়েন

প্রকাশিত: June 24, 2014 | সময়: 9:42 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ একাত্তরের মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতা মোকাবেলায় রংপুরের তিন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে রংপুরের তিন উপজেলা সদর, মিঠাপুকুর ও পিরগাছায় বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

রংপুর জেলা প্রশাসক ফরিদ আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার জামায়াত নেতা নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে রংপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথমে ৩ উপজেলায় বিজিবি নেমেছে। প্রয়োজনে আরো বিভিন্ন স্থানে নামানো হবে।

এছাড়া জেলায় বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ ও অতিরিক্ত সাধারণ পুলিশ সদস্যও বৃদ্ধি করা হয়েছে।