ব্রাজিলে বিশ্বকাপ ট্রফিতে আগুন

প্রকাশিত: June 25, 2014 | সময়: 10:07 am

স্পোর্টস ডেস্ক ॥ চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। কিন্তু বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিলে থেমে নেই আন্দোলন। জীবন ধারণের মান বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবিতে বিশ্বকাপ ট্রফির কুশপুত্তলিকা পুড়িয়েছে আন্দোলনকারীরা। সোমবার ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের আগে প্রায় ২০০ বিক্ষোভকারী সাওপাওলোর রাস্তায় নামে। বিশ্বকাপবিরোধী স্লোগান দিতে থাকে তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল লাল রঙের ব্যানার, যাতে লেখা ছিল ‘নিপীড়ন চলবে না’। এ সময় এক বিক্ষোভকারী দাবি বলেন, ‘আমি শ্রমিকদের নেইমারের মতো বেতন কাঠামো দেখতে চাই’।

তবে ব্যাপক পুলিশি উপস্থিতির কারণে ম্যাচ শুরু হওয়ার পর বিক্ষোভকারীরা শান্ত হয়ে যায়। ২০তম আসর থেকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। কিন্তু সোমবার বিক্ষোভকারীদের একটি গ্রুপ বিশ্বকাপ ট্রফির কুশপুত্তলিকায় আগুন দিয়েছে। এদিন ব্রাজিল ক্যামেরুনের বিপক্ষে ৪-১ গোলে জয় তুলে নেয়। এতে পুরো বিশ্বের ব্রাজিল ভক্তরা জয়ের আনন্দে মেতে ওঠে। কিন্তু উল্টো চিত্র দেখা যায় বিক্ষোভকারীদের মধ্যে। তাদের অনেকেই টিভিতে ম্যাচ দেখে ব্যাঙ্গাত্মকভাবে হেসেছে। শুধু এ ম্যাচ নয়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেও বিক্ষোভকারীরা রাস্তায় নামে।