বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৪’ মঙ্গলবার শুরু হচ্ছে ।
এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সমাপনী অনুষ্ঠান এবং ২০টি কার্য অধিবেশনসহ সম্মেলনে মোট ২৪টি অধিবেশন থাকছে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
এরপর সাড়ে ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রতি কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
প্রথমদিন সর্বশেষ বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।

