রবিবারের মধ্যে রাস্তা ঠিক না হলে ইঞ্জিনিয়ারদের শাস্তি

প্রকাশিত: July 19, 2014 | সময়: 9:32 am

স্টাফ রিপোর্টার ॥ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সকল রাস্তা আগামী রোববারের মধ্যে চলাচলের উপযোগী করতে না পারলে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার সকাল ১১টায় জুরাইন-পোস্তাগোলা ও পাগলা সড়ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি না পোহাতে রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে। তা না হলে শুধু শাস্তি নয় যিনি ব্যর্থ হবেন তাকে বাদ দিয়ে ‘ডায়নামিক’ লোক নিয়োগ দেওয়া হবে। ২০১৭-১৮ সালের দিকে দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা চলাচলের উপযোগী করা হলো ইঞ্জিনিয়ারদের কাজ। ইঞ্জিনিয়ারদের সমাধানের পর যানজট যাতে না হয় শৃঙ্খলা রাখতে পদক্ষেপ নেবে পুলিশ। পুলিশের কাজ এনফোসমেন্ট করা। আর তৃতীয় বিষয় হলো সচেতনতা। মানুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে রাস্তার সমাধান হবে না। সে লক্ষে যোগাযোগমন্ত্রণালয় সারাদেশে ক্যাম্পেইন করছে।

ঈদে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত ভাড়া আর চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে।

যোগাযোগমন্ত্রী জুরাইন-পোস্তাগোলা ও পাগলা সড়ক পরিদর্শন কালে জুরাইন মোড়ে দাঁড়িয়ে রেলমন্ত্রীকে ফোন করে রেলের জায়গায় স্থাপিত একটি ঘর সরিয়ে দিতে অনুরোধ করেন। মন্ত্রী জানান, ঘরটি সরিয়ে দিলে এখানে যানজটের সমাধান হয়ে যাবে। এছাড়া মন্ত্রী সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও পুলিশের সঙ্গে কথা বলেন। জুরাইন-পোস্তাগোলা ও পাগলা সড়কে ত্রুটি হলে সংশ্লিষ্ট এক প্রকৌশলীকে আবারও শোকজ করা হবে বলে হুশিয়ারী দেন।