লাইফস্টাইল ডেস্ক ॥ দৈনিক মাত্র পাঁচ মিনিট দৌড়ানোরও সময় যদি না পান তাহলে এ লেখাটি আরেকবার পড়ে নিন। কারণ এখন পাঁচ মিনিট ব্যয় করে দৌড়ানোর ফলে আপনার আয়ু বাড়বে একাধিক বছর। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে আয়ু বাড়িয়ে নেওয়ার জন্য আপনার যে খুব পরিশ্রম করতে হবে, তা নয়। দৈনিক মাত্র পাঁচ মিনিট করে দৌড়ালেই আপনার আয়ু কয়েক বছর বেড়ে যেতে পারে।
প্রত্যেকেরই কাপড় পরতে কিংবা জুতা বাঁধতে যে সময় ব্যয় হয়, তার চেয়ে কম সময়েই এ পাঁচ মিনিটের দৌড় সম্পন্ন করা সম্ভব বলে উঠে এসেছে গবেষণায়। আর এতে স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হয়।
আইওয়া স্টেট ইউনিভার্সিটির গবেষণাপত্রটির প্রধান লেখক ডিসি লি বলেন, ‘শারীরিক অনুশীলনের ক্ষেত্রে সময় সবচেয়ে শক্ত বাধা। এ গবেষণা আরও মানুষকে দৌড়ানো শুরু করতে ও সহজেই করার মতো স্বাস্থ্যগত লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।’
এ গবেষণার জন্য ৫৫ হাজারেরও বেশি মানুষের ওপর ১৫ বছর ধরে সমীক্ষা চালানো হয়। তাদের বয়স ছিল ১৮ থেকে ১০০ বছর। এ সময়কালে তাদের শারীরিক অনুশীলন, মৃত্যুর হার ও কারণ বিশ্লেষণ করা হয়।
সাম্প্রতিক এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে।

