“বুধবার দুই মাসের বেতন পাবে তোবার শ্রমিকেরা”

প্রকাশিত: August 4, 2014 | সময়: 9:14 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী বুধবার সকাল ১০টার দিকে তোবা গ্রুপসহ পাঁচটি কারখানার পোশাকশ্রমিকদের দুই মাসের বেতন ও ওভারটাইম পরিশোধ করা হবে। আজ রবিবার বিকেলে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান বলেন, শ্রমিকদের জুলাই মাসের বেতন এ মাসের ১০ তারিখ (রবিবার) দেওয়া হবে। বকেয়া বোনাস শিগগির পরিশোধ করা হবে। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
তিন মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবিতে ঈদের আগের দিন সোমবার থেকে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সাততলায় কারখানায় অনশন করছেন পোশাকশ্রমিকেরা। অনশনের সপ্তম দিনে আজ রবিবার ৯৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিত্সাধীন।
হোসেন মার্কেটের তিনটি তলায় রয়েছে তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইনের কারখানা। পাশের ফুজি ভবনে রয়েছে বুকশান ও তোবা ফ্যাশনস।
দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তোবার শ্রমিকেরা মঙ্গলবার বিজিএমইএ কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন। সেই সঙ্গে বকেয়া বেতন ও বোনাস না দিলে আগামীকাল সোমবার বিকেল চারটার দিকে সব গার্মেন্টস শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বলে জানান।
অবিলম্বে দাবি না মানলে শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠবে বলে জানান শ্রমিকেরা।
দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুই এক দিনের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন। এর আগে গত বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএও শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে আশ্বাস নয় বকেয়া বেতন ভাতার পরিশোধ চান তাঁরা।