বিনোদন ডেস্ক ॥ ‘সত্যিকার অর্থে আপনারা আমাদের যতোটা সম্মান করেন, ততোটা সম্মান আমরা আপনাদের দিতে পারিনি’ – শনিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসবে কথাগুলো বললেন ওপার বাংলার খ্যাতিমান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।
রাঘব আরও বলেন, ‘বাংলা ভাষার গান, নাটক, সিনেমাকে সম্মান সবচাইতে বেশি আপনারাই (বাংলাদেশ) করেন। আর জুলফিকার রাসেলের লেখার মধ্যে আলা পাদা একটা শক্তি আছে। ওর লেখা গান পেলেই যেন সুর করা হয়ে যায়।’
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, নকিব খান, জেমকন গ্রুপের পরিচালক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমিনা আহমেদ, সঙ্গীত পরিচালক পিলু খান, মঈনুল ইসলাম খান, এবিসি রেডিওর প্রধান নির্বাহী সানাউল্লাহ লাভলু, উপস্থাপক আনজাম মাসুদ, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তারিন, নির্মাতা মোরশেদুল ইসলাম, সামিয়া জামান, চয়নিকা চৌধুরী, রেজানুর রহমান, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমানসহ আরও অনেকে।
‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসবের একটি মুহূর্ত
‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামটি ঈদ উপলক্ষে লেজার ভিশন বাজারে ছাড়ে গত ২২ জুলাই। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় অ্যালবামের গানে কণ্ঠ ও সুর করেছেন রাঘব। মিউজিক করেছেন তমাল চক্রবর্তী ও ইন্দ্রজিৎ দে। উল্লেখযোগ্য গানগুলো হল- একা এ মন, বাড়ি ফেরার তাড়া, মনের ভেতর মনের তাড়া, এই যে হঠাৎ, তোমায় ভেবে চাঁদ উঠুক প্রভৃতি।
অ্যালবামের আনুষ্ঠানিক আয়োজন হলেও অনুষ্ঠানটি তারকাদের মিলনমেলায় পরিণত হয়।
ফেরদৌস বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করছি সঙ্গীতের জন্য মৌলিক কিছু করতে। তারই ধারাবাহিকতায় জুলফিকার রাসেলের কথায় রাঘবের এই অ্যালবাম।’
চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘লেজার ভিশন অনেক আগে থেকেই চলচ্চিত্রের অ্যালবাম প্রকাশনার কাজ করে আসছে। তারা মৌলিক গানের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই।’
এবিসি রেডিওর প্রধান নির্বাহী সানাউল্লাহ লাভলু বলেন, ‘আমরা রেডিওতে যেসব গান শোনাই, এসব গানের আর্থিক দাম অবশ্যই দেবো, যদি অডিও অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাছে আসেন।’
একাত্তর টিভির প্রধান নির্বাহী ও চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান বলেন, ‘জুলফিকার অনেক গুণী লোক। আমি তার লেখা গানের ভক্ত।’
উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন রাঘব চট্টোপাধ্যায়
পিলু খান বলেন, ‘আমরা যেমন ভারতের শিল্পীদের অ্যালবাম আমাদের দেশে বের করছি, তেমনিভাবে রাঘবদার মাধ্যমে আবেদন তারাও যেন আমাদের শিল্পীদের নিয়ে সেখানে অ্যালবাম প্রকাশ করেন।’
সামিনা চৌধুরী বলেন, ‘জুলফিকার রাসেলের লেখা এমনিতেই আমার খুবই পছন্দ। রাঘবদা তো দারুণ গায়। সবমিলিয়ে এটি একটি সফল অ্যালবামই বলা যায়।’
রেজানুর রহমান বলেন, ‘এখনও বাংলা গান আমাদের মনকে দোলা দেয়। ভেদাভেদ ভুলে আসুন বাংলা গানের সমৃদ্ধিতে সবাই মিলে কাজ করি।’
রাঘব, তারিন এবং জুলফিকার রাসেল (বাঁ দিক থেকে)
অ্যালবামের পৃষ্ঠপোষক জেমকন গ্রুপের পরিচালক আমিনা আহমেদ বলেন, ‘আমরা প্রথম থেকেই সঙ্গীত ভক্ত পরিবার। আর সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আশা করছি আমাদের উদ্যোগ সফল হবে।’
অনুষ্ঠানের মূল পর্ব শেষে রাঘব গিটার বাদনের সঙ্গে অ্যালবামের বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
উল্লেখ্য, ‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামটি স্পন্সর করেছে কাজী অ্যান্ড কাজী টি। আর সার্বিক সহযোগিতায় আছে মীনা বাজার, বাংলা ট্রিবিউন এবং রঙ।

