রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

প্রকাশিত: July 16, 2013 | সময়: 12:07 am

স্টাফ রিপোর্টার ॥  একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায় প্রত্যাখ্যান করে এবং জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতাল প্রতিহত করার আহবান জানিয়ে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

সোমবার রাত সোয়া আটটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মশাল মিছিলটি শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, হোটেল রুপসী বাংলা মোড় এবং বাংলামোটর মোড় প্রদণি করে পুনরায় শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে শেষ হয়।

এ সময় গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়কে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন মশাল মিছিলে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মশাল মিছিল থেকে গোলাম আযমের রায় প্রত্যাখ্যান এবং জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করে মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে সোমবার ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৫ ধরনের ৬১ অপরাধের দায়ে তার এ শাস্তির আদেশ দিয়েছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

তবে বয়স বিবেচনা করে গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ না দিয়ে ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন, গোলাম আযম মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। তিনি সবকিছুর জন্য দায়ী। তিনি শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করেছিলেন। তাদের তিনি অপরাধ থেকে বিরত রাখতে পারতেন। কিন্তু সজ্ঞানে তিনি তা করেননি। তার বয়স ৯১ বছর। শুধুমাত্র এই বিবেচনা করেই এ রায় দেওয়া হলো।