সম্প্রচার নীতিমালা ইস্যু দিয়ে মাঠে নামছে বিএনপি

প্রকাশিত: August 12, 2014 | সময়: 9:42 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাতীয় সম্প্রচার নীতিমালা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা করছে বিএনপি। গণমাধ্যমের কণ্ঠরোধ ও স্বাধীনতা হরণের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ১৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শোডাউনের চিন্তাভাবনাও রয়েছে বিএনপি ঢাকা মহানগর কমিটির।
এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ আগস্ট সারা দেশে মৌন মিছিল পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।
রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠক সূত্র জানায়, জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার ও নির্যাতরে প্রতিবাদে আাগামী ১৯ আগস্ট সারাদেশেসহ ঢাকায় বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। আর সেই সমাবেশ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সংলাপের শেষ আল্টিমেটাম দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ আগস্ট সারা দেশে মৌন মিছিল পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।
সূত্র আরো জানায়, আজ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সনের বৈঠকে পরবর্তী আন্দোলন কর্মসূচি প্রণয়ন ও নির্ধারণ করা হতে পারে।
সূত্র আরো জানায়, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মনে করেন, যেহেতু এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। সেহেতু একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে কেবল বিএনপি বা ২০ দলীয় জোট নয়, দেশের জনগণও শরিক হবে।
সূত্র আরো জানায়, জনগণকে নিয়ে সেপ্টেম্বর থেকে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি রাজপথে বিভিন্ন অহিংস কর্মসুচি মাঠে নামবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী ১লা সেপ্টেম্বর। আর ওই দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও ফাতিহা পাঠ করা হবে। এর আগে ও পরে বিভিন্ন জেলা সফর ও সমাবেশ করবে বিএনপি চেয়ারপার্সন। এসব সমাবেশ থেখে সরকারের প্রতি সংলাপ ও নির্দলীয় সরকার ব্যবস্থা মেনে নিতে আলিন্টমেটাম দেয়া হবে। সরকার তা গ্রহণ না করলে কোরবানির ঈদের পর সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলন নামবে দলটি।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, লে. জে. (অব) মাহবুবুর রহমান, ব্রি. জে. (অব) আ স ম হান্নান শাহ, বেগম সারোওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক