জিজ্ঞাসাবাদে আইভী যা বলেছেন

প্রকাশিত: August 12, 2014 | সময়: 9:54 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নারায়ণগঞ্জের সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির কাছে তার ক্ষোভ ও অভিযোগের অনেক কথা বলেছেন।

জিজ্ঞাসাবাদের আইভীর সে বক্তব্যের মূল অংশ প্রকাশ করেছে। আইভী বলেছেন, নির্বাচনের পর শিমরাইল এলাকায় অবৈধ দখল, স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য একটি কমিটি করারও উদ্যোগ নেন সিটি মেয়র। কাউন্সিলরদের নিয়ে একটি সভা করেন তিনি। ওই সভায় মেয়র জানান নারায়ণগঞ্জের দখলকারীদের উচ্ছেদ করা হবে। এ জন্য একটি কমিটি করা হবে। কাউন্সিলরদের মধ্যে থেকেই একজনকে প্রধান করা হবে। কে হবেন ওই কমিটির প্রধান? মেয়রের এমন প্রস্তাবে কোন কাউন্সিলরই কমিটি প্রধান হওয়ার আগ্রহ দেখাননি। এক পর্যায়ে এক কাউন্সিলর অপর কাউন্সিলর নূর হোসেনের নাম প্রস্তাব করেন। অন্য আরেক কাউন্সিলর সেই প্রস্তাবে সমর্থন করেন। তাদের কথায় নূর হোসেন আগ্রহ দেখান। ফলে নূর হোসেনকেই উচ্ছেদ কমিটির প্রধান করা হয়।

হাইকোর্টের নির্দেশে জন প্রশাসন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির কাছে এমন কিছু তথ্য দিয়েছেন নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। সোমবার দুপুরে জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলীর কক্ষে তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে সাংসদ শামীম ওসমানকে একই স্থানে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

নূর হোসেন নিজেই দখলকারী হওয়া সত্বেও তাকে কী করে উচ্ছেদ কমিটির প্রধান করা হলো- এমন প্রশ্নের জবাবে আইভী জানিয়েছেন, কমিটি করার সময় কেউ রাজি না হওয়ায় নূর হোসেন দখলকারী জানা থাকা সত্বেও তাকেই প্রধান করা হয়। অধিকাংশ কাউন্সিলর এক মত হওয়ায় এ ক্ষেত্রে মেয়র অসহায় ছিলেন। তার কিছু করার ছিল না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- আইভী জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, নারায়ণগঞ্জের র‌্যাব ও পুলিশ বলতে গেলে নূর হোসেনের কেনাই ছিল। যে কারণে তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেলেও কিছু করা সম্ভব ছিল না। এই মেয়র তদন্ত কমিটিকে আরো জানান, নূর হোসেন শুধু নারায়ণগঞ্জেই টাকা ঢালতো না। উপরের দিকেও তার টাকা যেতো বলে শুনেছেন।

সূত্র জানায়, তদন্ত কমিটি আইভীকে ডাকায় তিনি বেশ খুশি হয়েছেন। তিনি তদন্ত কমিটিকে বলেন, ‘যার (নূর হোসেন) বিরুদ্ধে হত্যার অভিযোগ তিনি কাউন্সিলর। যারা নিহত হয়েছেন তাদের একজনও (নজরুল ইসলাম) কাউন্সিলর। আর আমি সেই সিটি করপোরেশনের মেয়র। আপনারা এতো মানুষের সঙ্গে কথা বলছেন কিন্তু আমার কাছে কিছু জানতে চাচ্ছেন না এই জন্য খারাপ লাগছিল। পরবর্তী সময়ে যখন আপনারা আমাকে ডেকেছেন আমার খুব ভালো লেগেছে। আমি আমার মনের কথাগুলো বলতে পারছি।’

সূত্র জানায়, আইভী নূর হোসেন ও নিহত নজরুলের বিষয়ে যা যা জানেন তা বিস্তারিত বর্ণনা করেছেন তদন্ত কমিটির কাছে। তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন প্রশ্নও করেছেন আইভীকে। এক প্রশ্নের জবাবে আইভী জানিয়েছেন, অপহরণের পর তিনি মেয়র হিসেবে বিষয়টি নিয়ে পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন। কোন কোন কর্মকর্তার সঙ্গে অপহরণের দিন একাধিকবার কথা হয়েছে আইভীর।

সাংবাদিকদের যা বললেন আইভী: জিজ্ঞাসাবাদ শেষে আইভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মন্তব্য করেন নারায়ণগঞ্জের গডফাদাররা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঞ্চল্যকর সাত খুনের সঙ্গে জড়িত। তিনি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী কারো নাম প্রকাশ না করে বলেন, ‘নারায়ণগঞ্জে কারা ‘গডফাদার’ তা দেশের সবাই জানে। এ বিষয়ে নির্দিষ্ট করে বলার কিছু নেই। কেন, কীভাবে, কী কারণে এই হত্যা, তা মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছে।’ নূর হোসেন দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে সাংসদ শামীম ওসমানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে আইভী বলেন, ‘নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এ ঘটনা ঘটল, কারা এর পেছনে জড়িত।’

তদন্ত কমিটি কেন ডেকেছিল জানতে চাইলে আইভী বলেন, ‘আপনারা জানেন, নিহত নজরুল ইসলাম আমার একজন কাউন্সিলর ছিলেন। যে প্রধান আসামি সেও একজন কাউন্সিলর। যেহেতু আমি মেয়র, তাই এই দুজনকে আমি কতোটুকু জানি, চিনি এবং তারা কেমন লোক- এসব বিষয়ে জানতে চেয়েছে।’

হত্যাকাণ্ডে আইভীর ঘনিষ্ঠজনরাও জড়িত- সাংসদ শামীমের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইভী বলেন, ‘আমার ঘনিষ্ঠ বা আমিও যদি জড়িত থাকি, তাহলে তা বের করেন।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের বহু ঘটনার সুরাহা এখনো হয়নি। ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র, নাট্যকর্মী চঞ্চল ও ছাত্রলীগের মিঠু হত্যার বিচারের কি কিছু হয়েছে?’ এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা জানতে চাইলে আইভী বলেন, ‘যখন একটি শহরের সব মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখন আমার কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষ মরে একবার। আমি মৃত্যুকে ভয় পাই না।’