বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রেম না করায় কলেজছাত্রীকে চড় থাপ্পড় দিয়ে লাঞ্ছিত ও হয়রানি করেছে এক যুবক। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকতার বরাবর অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। গতকাল সকালে মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উপজেলার নারায়ণপুর গ্রামের আনু মিয়ার মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জানান, একই গ্রামের আবু মিয়ার ছেলে শাহীন মিয়া প্রায় ৬-৭ মাস যাবত তার বান্ধবীদের কাছে তার মোবাইল নম্বর চাইছিল। কিন্তু সে তার বান্ধবীদের মোবাইল নম্বর দেননি। এরপর ওই যুবক বিভিন্ন ভাবে তাকে প্রেমের প্রস্তাব দিতো।
কিন্তু সে তাকে পাত্তা দিতো না। গতকাল সকালে কলেজে আসার সময় শাহিন তার পথরোধ করে দাঁড়ায় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। এবারও সে তার প্রস্তাব প্রত্যাখান করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দেয়। কলেজে এসে এ ঘটনা জানালে কলেজের অধ্যাপক পংকজ রায় ছাত্রীকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।
সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অধ্যাপক পংকজ কুমার রায়কে দিয়ে ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে একটি লিখিত দরখাস্ত পেয়েছি। অভিযুক্ত যুবককে ধরার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে নিয়মিত মামলা হবে।

