রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: August 27, 2014 | সময়: 10:26 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (২২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল আটটায় মিরপুর শেওড়াপাড়ায় একটি বহুতল ভবনে মোটর দিয়ে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আবুল কালামের বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।
এ বিষয়ে তার সহকর্মী রুবেল জানান, মিরপুরের শেওড়াপাড়া বউবাজার সংলগ্ন নির্মাণাধীন নয়তলা ভবনে তারা রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। অনেকদিন ধরেই তারা এখানেই থাকেন এবং এই ভবন নির্মাণের কাজ করেন।
তিনি জানান, বুধবার সকাল আটটায় আবুল কালাম ভবনটির অষ্টমতলায় মোটর দিয়ে পানি ছিটানোর সময় ওই মোটরের সঙ্গেবিদ্যুৎস্পৃষ্ট হন।
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আবুল কালামকে মৃত বলে ঘোষণা করেন।