ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী খুন

প্রকাশিত: August 28, 2014 | সময়: 9:58 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে পুলিশ তার পূর্ব রাজাবাজারের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেরেবাংলানগর থানার এসআই আবু জাফর জানান, পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। বুধবার রাত নয়টার দিকে ওই বাসায় তার গলাকাটা লাশের খবর পায় পুলিশ। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিচার দাবিতে বিশাল বিক্ষোভ
এদিকে বিভিন্ন গণমাধ্যমে ফারুকী হত্যার খবর প্রচার হলে রাত সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটে কুতুববাগ দরবার শরীফ থেকে প্রায় এক হাজার লোকের একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ফারুকী হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল নিয়ে তারা ফারুকীর বাসার সামনে অবস্থান নেন।
অপরদিকে চট্টগ্রামের বিবিরহাটসহ বিভিন্ন স্থানে ফারুকীর অনুসারীরা বিক্ষোভ মিছিল ও গাড়ির গ্লাস ভাঙচুর করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।
ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এর রহস্য উদঘাটন করা হবে। কে বা কারা এটা ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ রকম ঘটনা নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি। এ ধরণের হত্যায় মোটিভ থাকে। এখানে হত্যার পেছনে কী মোটিভ ছিল তা তদন্তের পর জানা যাবে।
রাত সাড়ে ১১টায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায় এবং হত্যার আলামত সংগ্রহের কাজ শুরু করে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম