“আওয়ামীলীগ রক্তপাতকে বানিয়েছে রাজনৈতিক ইশতেহার”

প্রকাশিত: August 31, 2014 | সময়: 8:38 am

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আওয়ামী লীগ রক্তপাতকে রাজনৈতিক ইশতিহার বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা ১১টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় বর্তমানে দেশে আইনের শাসনের বদলে চলছে আওয়ামী বন্যশাসন।
অবৈধ সরকার নিজেদের অপরাধ কর্মকাণ্ড প্রকাশিত হওয়ার ভয়ে ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি বলেও অভিযোগ করেন ফখরুল ।
তিনি বলেন, বিএনপি সংঘাত চায় না। বিএনপি গণতান্ত্রিকভাবেই এ অবৈধ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। তাই আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আজকের মানববন্ধন কর্মসূচি আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে।
বিএনপির এই নেতা বলেন, এই অবৈধ সরকার গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে আত্মসাৎ করেছে। এরা বিরোধী দলের নেতা-কর্মীকে গুম করার পাশাপাশি ভোট, পার্লামেন্ট, আইনের শাসন এবং শেষমেষ সংবাদপত্রের স্বাধীনতাকেও গুম করেছে।
মির্জা ফখরুল বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০০৭ সাল থেকে ২০১৪ সালের ২৯ মে পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ৩৩০ জন ব্যক্তিকে গুম করার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৫৭ জনের লাশ পাওয়া গেছে।
তিনি বলেন, কোনো পাশবিক স্বৈরাচার চিরদিন একটানা ক্ষমতায় থাকতে পারেনি। যারা নিজেদের জেদ ও স্বার্থপরতার জন্য জনগণকে পীড়ন করে তাদের পরিণতি ইতিহাসের জাজ্ব্যলমান। কোনো স্বৈরচারই নিজেদের অবাধ অপকর্ম অব্যাহত রাখতে পারেনি।
পুলিশ প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কথা বলে ২০ দলীয় জোটের মানববন্ধন করতে না দেওয়ার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহসচিববৃন্দ উপস্থিত ছিলেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম