বিনোদন ডেস্ক ॥ বলিউডের বার্বি গার্ল খ্যাত ক্যাটরিনা কাইফ মঙ্গলবার ৩০ বছর বয়সে পা দিলেন ।
১৯৮৩ সালে জন্ম নেয়া ক্যাটরিনার বলিউড যাত্রাটা কিন্তু এত সুখের ছিল না। বাবা মোহাম্মদ কাইফ আর মা সুজানা টার্কুটের বড় মেয়ে ক্যাটরিনা শোবিজে পা রাখেন মডেলিং দিয়ে। এরপর ২০০৩ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘বুম’। কিন্তু ছবিটি বক্স অফিস মুখ থুবরে পড়লে অনেকেই ক্যাটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন।
ঠিক এর পরেই ক্যাটরিনা জড়িয়ে পড়েন সালমান খানের সঙ্গে প্রেমে। আর তারপরেই কপাল খুলে যায় তার। হিন্দি ভাষায় ভালোমত কথা বলতে না পারার সীমাবদ্ধতা কাটিয়ে ২০০৫ সালে চমৎকার অভিনয় উপহার দেন ‘সরকার’ ছবিতে। যা তাকে তারকা খ্যাতি এনে দেয়।
এরপর ক্যাট একে একে উপহার দিতে থাকেন ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘পার্টনার’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’, ‘আজব প্রেম কি গজব কাহিনী’, ‘রাজনীতি’, ‘জাবতাক হ্যায় জান’সহ অসংখ্য হিট ছবি। ‘তিসমার খান’ ছবিতে আইটেম গানে ‘শিলা কি জাওয়ানি’ কিংবা ‘অগ্নিপথ’ ছবিতে ‘চিকনি চামেলি’ রূপে ক্যাটের আবেদনময় নাচ অনেকের কাছেই ঈর্ষার কারণও হয়েছে।
সামনে আসছে আমির খানের সঙ্গে ক্যাটরিনার ছবি ‘ধুম ৩’। এখনই মনে করা হচ্ছে এটি হবে চলতি বছরের সেরা ব্যবসাসফল ছবি। অন্যদিকে কৃশ তারকা ঋত্বিক রোশনের সঙ্গে শ্যুটিং চলছে ‘ব্যাং ব্যাং’ ছবির। তাই সব মিলিয়ে নিজের ৩০তম জন্মদিনটা ভালো করেই পার করতে পারছেন বার্বি ক্যাট।

