প্রযোজনায় আসছেন চিত্রনায়িকা ববি

প্রকাশিত: September 2, 2014 | সময়: 12:23 pm

বিনোদন ডেস্ক ॥ প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা ববি। তার ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, শিগগিরই বিগ বাজেটের একটি ছবি নিয়ে প্রযোজনায় আসছেন তিনি। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘পিকনিক’। চুপিসারে ছবির অভিনয়শিল্পীদের নামের তালিকাও ঠিক করে নিয়েছেন তিনি। এতে ববির সঙ্গে দুজন নতুন নায়ককে দেখা যাবে বলে জানা গেছে। তাদের নাম সাঞ্জু ও এবিএম সুমন। ছবিটির পরিচালনার দায়িত্ব পালন করবেন ইফতেখার চৌধুরী। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো সঙ্গেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি ববি। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতেও রাজি হননি।
চিত্রনায়িকা ববির ক্যারিয়ারের বয়স মাত্র ৪ বছর। এরইমধ্যে গ্লামার্স দিয়ে দর্শকদের মন জয় করতে পারলেও অভিনয়গুণ এখনো যথাযথভাবে প্রদর্শন করতে পারেননি। তাই চলচ্চিত্রে তার ভিত অনেকটাই নড়বড়ে রয়ে গেছে। জানা গেছে, চলচ্চিত্রাঙ্গনে নিজের ভিত পাকাপোক্ত করতেই প্রযোজনায় আসতে চাইছেন তিনি।
গত ঈদে ববির দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলোথ বদিউল আলম খোকনের ‘হিরো: দ্য সুপারস্টার’ এবং মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’। এর মধ্যে ‘হিরো : দ্য সুপারস্টার’ তার নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি অনেকটা ব্যবসা সফলতা অর্জন করলেও এর বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় বোদ্ধামহলের সমর্থন হারিয়েছে। অন্যদিকে ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে ববির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে দুটি ছবি নিয়েই বিপাকে ছিলেন ববি।
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্যা সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ববি। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর তার ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবি তিনটি স্বল্প সময়ের ব্যবধানেই মুক্তি পায়। তবে এর কোনোটিই দর্শকদের নজর কাড়তে পারেনি। পরে ববি অভিনীত ‘রাজত্ব’ ছবিটি মুক্তি লাভ করে। শাকিব খানের কারণে ছবিটি আলোচনায় থাকলেও ববির অভিনয়ে দুর্বলতা থেকেই যায়। এখন দেখা যাক, ববি প্রযোজনায় কতটা সফলতা অর্জন করতে পারেন। এদিকে বর্তমানে ববি অভিনীত তিনটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এগুলো হলোথ শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’, ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’ ও ‘ওয়ান-ওয়ে’।