এবার ফুটবলে রেফারেল পদ্ধতি

প্রকাশিত: September 12, 2014 | সময়: 9:55 am

স্পোর্টস ডেস্ক ॥ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ফুটবলের নিয়ম-কানুনে বা প্রযুক্তির মাত্রাতিরিক্ত সুবিধা নিতে বরাবরই নারাজ ছিলেন এতকাল। তবে এবার বরফ গলেছে। ব্লাটার নিজেই বলেছেন, খুব শিগগিরই রেফারেল নিয়ম চালু করা হবে।
ক্রিকেটে রেফারেল সিস্টেম চালু হলেও ফুটবলে এ সিস্টেমটি এখনও দেখা যায়নি। ফুটবলপ্রেমিরা তাদের প্রিয় খেলোয়াড়কে ফাউল করলে কিংবা অফ-সাইড থেকে গোল হলে আর ক্ষেপে যাবেন না ম্যাচের দায়িত্বে থাকা রেফারির উপর।
ফুটবলে রেফারেলের সিস্টেমটি চালু হতে পারে ২০১৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকেই। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ আসর থেকেই দেখা যেতে পারে নিয়মটি। তবে, ব্লাটার চান এ নিয়মটি সঠিক রাখতে অবশ্যই মাঠে টিভি রিপ্লের ব্যবস্থা রাখতে হবে।
এ প্রসঙ্গে ব্লাটার বলেন, ‘আমরা কিছু কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। আমি প্রস্তাব করছি আন্তর্জাতিক ফুটবল বোর্ডের কাছে এ ব্যাপারটি নিয়ে চিন্তা করতে। এক্ষেত্রে নিয়ম থাকবে যেন দলের কোচ বা ম্যানেজার প্রথমার্ধে একটি বা দুটি রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে।’
তিনি আরো বলেন, ‘প্রথমার্ধে চ্যালেঞ্জ করতে পারবে বিরতির সময়। আর দ্বিতীয়ার্ধে চ্যালেঞ্জ জানাতে পারবে ম্যাচ শেষ হলে। এক্ষেত্রে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি এবং দলের কোচ কিংবা ম্যানেজার টিভি রিপ্লে দেখতে পারবেন। এরপর রেফারি তার সিদ্ধান্ত নিবেন।’
ফিফা প্রেসিডেন্ট আরো যোগ করেন, ‘আমি আশা করছি আধা-পেশাদার অথবা পেশাদার যেকোনো টুর্নামেন্টে এ পদ্ধতির চেষ্টা করা যেতে পারে। এটা অবশ্যই সেসব ম্যাচে চালু রাখতে হবে, যেখানে টিভি রিপ্লে দেখার সুবিধা রয়েছে। তবে, পরের বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে এ পদ্ধতি টেস্ট করা যেতে পারে।’