১৬১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত: September 16, 2014 | সময়: 10:48 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জ্যামাইকার পর দ্বিতীয় টেস্টেও ফলোঅনে পড়েছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাধ্য করছে না উইন্ডিজ। সোমবার সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৬২.৩ ওভার ব্যাট করে। যা ফলোঅন এড়ানোর লক্ষ্যমাত্রা ১৮০ রানের থেকে ১৯ কম।
এর আগে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৮০ রান করে অলআউট হয়। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত ছিলেন শিবনারায়ণ চন্দরপল। বাংলাদেশের পেসার আল আমিন হোসেন ৮০ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন মুশফিক বাহিনীকে ফলোঅনে ফেলতে ক্যারিবীয়দের দরকার ছিল ৩ উইকেট। দিনের খেলার শুরুতে প্রথম সেশনেই সেই তিন উইকেট দখল করেছে উইন্ডিজ পেসাররা। এদিন রামদিন বাহিনীকে প্রথম সাফল্য এনে দেন শ্যানন গ্যাব্রিয়েল।
খানিক বাদ অর্ধশতক হাঁকিয়ে প্রাচীর হয়ে দাঁড়ানো মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরান স্পিনার সুলেমান বেন। ১০০ বল মোকাবেলা করে ৫৩ রান করা রিয়াদকে উইকেটের পেছনে রামদিনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন দীর্ঘাদেহী ক্যারিবীয় স্পিনার। এরপর সফরকারীদের ইনিংস মুড়িয়ে দিতে রবিউলকেও ফেরান সেই বেন। প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ ছাড়া বড় রান পেয়েছেন তামিম ইকবাল। ৪৮ রান এসেছে টাইগার ওপেনারের ব্যাটে। এছাড়া দুই অঙ্কের ঘরে কেবল পৌঁছেছেন তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। প্রসঙ্গত, টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সাত উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে মাঠ ছেড়েছিল।