শাহবাগে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

প্রকাশিত: September 17, 2014 | সময়: 10:01 am

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ইতোমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বুধবার সকাল সোয়া ৯টা থেকে তারা জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২০-২৫ জন কর্মী সেখানে উপস্থিত হয়েছেন। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে।

গণজাগরণ মঞ্চের কর্মীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। ধীরে ধীরে কর্মীদের সংখ্যা বাড়ছে।

আর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এজলাসে এসে আসন গ্রহণ করেছেন।

বিচারপতিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায় দেবেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।