শ্রীপুরে দিনমজুরের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: October 11, 2014 | সময়: 11:27 am

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকা থেকে ফারুক হোসেন (৪২) নামে এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ফারুক হোসেন নরসিংদীর শিবপুরের কামরাবর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ফারুক স্ত্রী-সন্তান নিয়ে শ্রীপুরের নিজমাওনা এলাকার আব্দুল কাদেরের বাসায় ভাড়া থেকে এলাকায় দিনমজুরের কাজ করতেন। সন্ধ্যায় ভাড়া বাড়ির বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ফারুকের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছড়া বলা যাবে না বলে জানান এসআই।