বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অভিনেত্রী হিসেবে হালে পানি মিলছে না শিল্পা শেঠির। প্রযোজক হিসেবেও ফ্লপ। তার প্রযোজিত ‘ঢিশকিয়াও’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবুও শিল্পার তন্বী শরীরের পূজারি কমেনি। এই শরীরকে কীভাবে মেদহীন ও সুস্থ রাখতে হয়, তা নিয়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক একটি বই লিখেছেন তিনি।
সাত মাস ধরে বইটি নিয়ে কাজ করছেন শিল্পা। কাজ প্রায় শেষের মুখে। সন্তানসম্ভবা থাকাকালে যে পুষ্টিবিজ্ঞানীর শরণাপন্ন হয়েছিলেন, বইটি লেখার সময়ও তার সহায়তা নিচ্ছেন তিনি। নিজেকে সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য কী কী করা উচিত, সে সম্পর্কে যা যা শিখেছেন সবই বইতে তুলে ধরেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।
শিল্পা বলেছেন, ‘পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বই লিখছি। অনেকে পুষ্টির সঠিক অর্থ জানে না। আমি দেখেছি মায়েরা তাদের সন্তানদের জোরপূর্বক বেশি বেশি করে খাওয়ান। তাই লেখার সময় নিজেকে মা ভেবেছি সবার আগে। আমার ছেলে দেখতে রোগা হলেও সে স্বাস্থ্যসম্মত খাবার খায়। আমরা মা-ছেলে দু’জনই তিনবেলা ঘি খাই। ডায়েটিং আর উপোসে বিশ্বাসী নই আমি। সত্যি বলতে ওজন কমানোর ব্যাপার সব মানুষের মনের ওপর নির্ভর করে। এজন্য জীবনধারায়ও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।‘
শুধু নিজেই ফিটফাট থাকেন তা নয়, স্বামী রাজ কুন্দ্র ও একমাত্র পুত্রসন্তান ভিয়ানের জন্যও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণের দিকে সজাগ থাকেন বলেও জানিয়েছেন শিল্পা।
ইংরেজি ভাষায় শিল্পার লেখা প্রথম বইটি প্রকাশ হবে আগামী বছর। দেখা যাক, তার এই নতুন টোটকা কতটা হিট হয়।

