স্পোর্টস ডেস্ক ॥ রোববার শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনের অংশ হিসেবে জিম করে আসেন মাশরাফিরা; তখনও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল প্রথম বিভাগ টি-২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। ড্রেসিংরুমও তখন প্রথম বিভাগ ক্রিকেটারদের দখলে। অগত্যা ম্যাচের দর্শক হতে হয়েছে মাশরাফিসহ ক্যাম্পে ডাক পাওয়া অন্যান্য ক্রিকেটারদের। দর্শক সারিতে না বসে ড্রেসিংরুমের সামনেই বসে পড়েন তারা। ফাইনাল ম্যাচের খেলা উপভোগ করেন সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা।
উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত প্রথম বিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে ইন্দিরা রোড কেসি চ্যাম্পিয়ন হয়। তারা র্যাপিড ফাউন্ডেশনকে ১৯ রানে পরাজিত করে।

