আইএসবিরোধী যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ

প্রকাশিত: October 15, 2014 | সময়: 10:16 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণকারী ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে বাংলাদেশ যোগ দিচ্ছে না।
তবে সেখানে ওই অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের নেতৃত্বে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তাতে অংশ নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা দুর্বল হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে আইএস। সিরিয়া ও ইরাকের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে তারা ইসলামী খেলাফত (রাষ্ট্র) ঘোষণা করেছে।
আইএস ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে অভিযান শুরু হয়েছে, তাতে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যোগ দিয়েছে।
এরপর গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের সময় নিরাপত্তা পরিষদ আইএস নিয়ে একটি বিশেষ বৈঠক করে, যাতে অনেক দেশের সঙ্গে বাংলাদেশও অংশ নেয়।
আইএস ’র বিরুদ্ধে ওই অভিযানে বাংলাদেশও যোগ দিচ্ছে কি না- মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয় মাহমুদ আলীকে।
উত্তরে তিনি বলেন, বাংলাদেশ ইরাক, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্ট্রিগ্রিটিতে বিশ্বাস করে, আমরা চাই এটা সংরক্ষণ করা হোক। সন্ত্রাসবাদ সম্বন্ধে বাংলাদেশের অবস্থান তো পরিষ্কার।
বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ নিয়ে ‘জিরো টলারেন্সের’ কথা বরাবরই বলে আসছে। সেই সঙ্গে এটাও বলছে, বাংলাদেশের মাটি কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে জাতিসংঘের নেতৃত্বে সেখানকার (ইরাক-সিরিয়া) জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হলে আমরা (বাংলাদেশ) সেটায় অংশ নেব।