‘পিঁপড়াবিদ্যা’র জন্য ঢাকায় শিনা চৌহান

প্রকাশিত: October 22, 2014 | সময়: 10:43 am

বিনোদন ডেস্ক ॥
ঢাকায় এসেছেন শিনা চৌহান। ২১ অক্টোবর সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। নিজের ফেসবুক পেজে আবার বাংলাদেশে আসার বার্তা জানাতে ভোলেননি ভারতীয় এই মডেল-অভিনেত্রী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে পৌঁছালাম। আমার নতুন ছবির প্রতি সবার কৌতূহল আর উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। ছবিটির ট্রেলার প্রথম দিনেই ২ লাখ ৭০ হাজার বার দেখা হয়েছে। এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে অভিনয় করেছেন শিনা। এটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ অক্টোবর। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতেই এসেছেন তিনি। এর অংশ হিসেবে ‘পিঁপড়াবিদ্যা’র উদ্বোধনী প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণায় পাওয়া যাবে তাকে।
‘পিঁপড়াবিদ্যা’ হলো শিনা চৌহান অভিনীত চতুর্থ চলচ্চিত্র। এর আগে মালয়ালাম ছবি ‘দ্য ট্রেন’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ভারতের পশ্চিমবঙ্গে বুদ্ধদেব দাশগুপ্তের ‘মুক্তি’ আর ‘পত্রলেখা’ ছবিতে অভিনয় করেন তিনি।