স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের পুবাইল এলাকা থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০ বড়ি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন- সিটি করপোরেশনের সাতমারা এলাকার মতিউর রহমানের ছেলে নাজিম হোসেন (৩০) ও হারিবাড়ির টেক এলাকার জাফর মিয়ার ছেলে মামুন মিয়া (৩৪)।
পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, রাত ১২টার দিকে ছিনতাইয়ের ভিত্তিতে সিটি করপোরেশনের পুবাইল রেলওয়ে স্টেশনের বাজার এলাকার একটি তেল বিক্রির টং দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে আড্ডারত ৩-৪ জন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে নাজিম হোসেন ও মামুন মিয়াকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি করে নাজিম হোসেনের জিন্সের প্যান্টের পকেট থেকে ২ রাউন্ড গুলিসহ একটি আমেরিকার তৈরি পিস্তল ও মামুনের কাছ থেকে ২০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
