জেলা প্রতিনিধি, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিউল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ঘোড়াঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে রোববার রাত ১০টার দিকে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।
রবিউল ইসলাম উপজেলার কামদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের তেঘড়া গ্রামের আনছার আলী ছেলে।
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোড়াঘাট বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে কৈলাটিকর নামক স্থানে একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাকে উপর্যপুরী আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিজের বসতবাড়ি সংলগ্ন একটি পুকুর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারাণা করছে পুলিশ।
রবিউলের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

