স্টাফ রিপোর্টার ॥ দুই দিন পর গতকাল রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ডাকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি।আজ সোমবার দ্বিতীয় দিনের মত সারা দেশে হরতাল চলছে। চলবে আগামী কাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মৃত্যুদণ্ডের রায় দিলে জামায়াত বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল দেয়। প্রথম দিন বৃহস্পতিবারের ২৪ ঘণ্টার হরতাল ছিল ঢিলেঢালা।
শনিবার এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান হরতাল সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের বিচারের ‘নামে’ সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ‘নির্যাতন’ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘জামায়াতের ডাকা হরতাল চলছে। শীর্ষ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বন্ধ না হলে প্রয়োজনে টানা হরতাল চলবে।’
শনিবার বিকেলে নাটোরে ২০ দলীয় জোটের উদ্যোগে জেলার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দেশব্যাপী জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলা নাটোরে এই জনসভা করেছেন তিনি।
জামায়াতের ডাকা হরতাল ও মীর কাশেম আলীর রায়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলা শহরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আরেক শীর্ষ নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী বৃহস্পতিবারও হরতালের ডাক দিয়েছে দলটি।

