‘এরশাদ বর্তমান স্বৈরাচার সরকারের পার্টনার’

প্রকাশিত: November 11, 2014 | সময়: 9:18 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : এরশাদ বর্তমান স্বৈরাচার সরকারের পার্টনার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি: গণতন্ত্র-মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এরশাদ হচ্ছে বর্তমান স্বৈরাচার সরকারের পার্টনার, দুই স্বৈরাচার এক হয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে গণতন্ত্রকে বিপন্ন করছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। তাই তারা বিএনপির দলীয় প্রধান থেকে শুরু করে সকলকেই মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখছে।
মানবাধিকার সম্পর্কে তিনি বলেন, এ সরকারের দ্বারা মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ এ সরকার বিচার বিভাগকে দুর্বল করেছে।
অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের ওপর হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক দেশে একজন প্রধানমন্ত্রী আর বাকি সবাই চাকর-বাকর তা কখনও মানা যায় না। কারণ এটি এক দলের দেশ নয়।
তিনি আরও বলেন, যেখানে ৪০ হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে তার কোন খবর নেই। সেখানে জিয়া অরফানেজ ট্রাস্টের দেড় কোটি টাকার জন্য মামলায় পড়তে হয়। নিজের ঘরে নিজেই চুরি। আসলে নিজের টাকা নিবে বা রাখবে এতে ঝামেলা কিসের।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম