বিচারপতির ছেলে আসিফের জামিন ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশিত: November 16, 2014 | সময়: 12:08 pm

স্টাফ রিপোর্টার ॥ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন সদস্য হিসেবে গ্রেপ্তার হওয়া এক বিচারপতির ছেলে আসিফ আদনাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না এ মর্মে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ মো. হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ জামিন আদেশের বিষয়ে করা এক আবেদনের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছিলেন। একই সঙ্গে এদিন পর্যন্ত জামিন আদেশ স্থগিত রাখারও আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

গত ২৪ সেপ্টেম্বর রাতে সেগুনবাগিচা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন আদনান আসিফ। তার বাবা একজন সাবেক বিচারপতি।

সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গত ১০ নভেম্বর আসিফের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদার।

পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।