জেলা প্রতিনিধি, যশোর ॥ জেলার মুক্তিযোদ্ধাদের দীর্ঘ প্রত্যাশিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তিনতলা এ ভবনটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উপলক্ষে রাষ্ট্রপতি আজ যশোর আসছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনে যশোর যাচ্ছেন রাষ্ট্রপতি
বিকেল ৩টা ১৫ মিনিটে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের কথা রয়েছে তার। পরদিন মঙ্গলবার সকালে তিনি সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দিবেন। এদিকে, উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সাজসজ্জার পাশাপাশি আশপাশ এলাকায় নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।
যশোর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আলম জানান, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের জন্য ২০১১ সালের জুলাই মাসে টেন্ডার আহ্বান করা হয়। ওই বছরের ১৯ অক্টোবর স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ এন্টারপ্রাইজকে ১ কোটি ১০ লাখ টাকার কাজের কার্যাদেশ দেয়া হয়। এরপর কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে। পরে কমপ্লেক্স ভবন নির্মাণের ব্যয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৪২ লাখ টাকা। বর্তমানে নির্মাণ কাজের ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে। ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী যশোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। ভবন নির্মাণের ফলে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
তিনি আরও জানান, সোমবার বিকেল ৩টায় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবন উদ্বোধন করবেন। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ৮উপজেলা কমান্ডারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

