পায়ে হেঁটে ১৩ রোভার স্কাউটের দেড়শত কিলোমিটার পরিভ্রমন

প্রকাশিত: November 24, 2014 | সময়: 6:37 pm

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ স্কাউটসের আওতাধীন গাজীপুর জেলা রোভার স্কাউটের ১৩ জন রোভার স্কাউট ও গার্লস রোভার স্কাউট পায়ে হেঁঠে দেড়শত কিলোমিটার পথ পরিভ্রমন শেষ করেছে। ১৯ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের পদব্রজে পরিভ্রমন উদ্বোধন করেন জেলা প্রশাসক নুরুল ইসলাম। আজ সন্ধ্যা ৫টায় নরসিংদী সরকারী কলেজে গিয়ে তাদের পরিভ্রমন শেষ হয়। তারা ৫দিনে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক, বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, তালতলি তালহা বয়স্ক পূর্নবাসন কেন্দ্র, বঙ্গবন্ধু সাফারি পার্ক, রাজেন্দ্রপুর রেলগেইট, ভাওয়াল গড়, সূর্য নারায়নপুর দিঘী, বঙ্গতাজের বাড়ি (বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী), ত্রিমোহনী বঙ্গতাজ ডিগ্রী কলেজ, ইটাখোলা ওয়ারি বটেশ্বর সংগ্রহশালা, নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত মানচিত্র দেখে ১৯ থেকে ২৩নভেম্বর পর্যন্ত তারা ৫দিন পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষে নরসিংদী পৌছে তাদের পরিভ্রমণ শেষ করেছে।
গাজীপুর জেলা রোভার সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম জানান, পরিভ্রমণের সময় তারা সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও লিফলেট বিতরণ করে। তারা নিরাপদ সড়ক চাই, বাল্য বিবাহ রোধ করা, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এসো রোভারিং করি, সুন্দর সমাজ গড়ি, মাদক মুক্ত বাংলাদেশ চাই ইত্যাদি শ্লোগান নিয়ে সাধারন মানুষের মধ্যে কথা বলে।
একই সাথে তারা গার্ল ইন-রোভার স্কাউট ও রোভার স্কাউট বৃন্দ সরকারি, বেসরকারি, দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে সাক্ষাৎ করে এবং স্থানীয় সামাজিক বিষয় সমূহ নিয়ে মতবিনিময় করে।
পরিভ্রমনে অংশগ্রহনকারী ১৩ জন জেলার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও মৌচাক ওপেন রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট বলে জানিয়েছেন জেলা রোভার স্কাউটস কর্তৃপক্ষ। অংশগ্রহনকারীরা হলেন, রোভার স্কাউট মোঃ রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম আশিক, মোঃ জাহিদ হাসান ও মোঃ আরিফুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির চৌধুরী ও মোঃ ওয়াসিম রানা। র্গাল-ইন-রোভার স্কাউট শামীমা আক্তার, আইরিন পারভীন, শ্রীমতী সুলতা রাণী ও আমেনা আক্তার শিখা, স্বপ্না আক্তার ও নুসরাত জাহান রাণী।