কাপাসিয়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্বার

প্রকাশিত: December 8, 2014 | সময়: 9:24 pm

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্ত্তনিয়ায় আজ সোমবার ভোরে গ্রামের সাইকেল-রিক্সা যন্ত্রাংশের ব্যবসায়ী ও মেকানিক তমিজ উদ্দিনের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর এলাকাবাসী বাড়ির পাশে মেহগনি বাগানে বানার বিলের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে ওই গ্রামের আবদুল জব্বারের পুত্র এবং তার স্ত্রী, তিন পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী তমিজ উদ্দিন গত রোববার সন্ধ্যায় ব্যবসার কাজে পার্শ্ববতী উজলী বাজার থেকে কীর্ত্তুনিয়া বাজারে যায়। পরে রাত প্রায় ৮টার দিকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তমিজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকেরা রাত ভর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধ্যান পায়নি। ভোরে এক ব্যক্তি ধান কাটতে গিয়ে তমিজের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। কে বা কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পরিবারের লোকেরা কিছুই বলতে পারছেনা।
কাপাসিয়া থানার এসআই মঞ্জুদোহা জানান, তার গাঁয়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে, খুনিরা তাকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।