বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের আবেদন আজ

প্রকাশিত: July 21, 2013 | সময়: 4:08 am

স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজারে সদ্য অনুমোদন পাওয়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএসএল) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু আজ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় অধিবাসীদের জন্য এ কোম্পানির আইপিও আবেদন গ্রহণ ২১ থেকে ২৫শে জুন পর্যন্ত চলবে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১লা আগস্ট পর্যন্ত। আইপিওর মাধ্যমে বিবিএসএল পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে মোট ১৪ কোটি টাকা উত্তোলন করবে। কোন প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। মার্কেট লট ৫০০টি শেয়ারে। ২০১২ সালের ৩০শে জুন সমাপ্ত বছরের এনএভি ১৩.০৭ টাকা এবং ইপিএস ২.৫৮ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিবিএসএল মূলত প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং নির্মাণ করে। এসব ভবন শিল্প-কারখানা, গুদাম, হলরুম ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়। এরই মধ্যে কয়েকশ’ ভবন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৪৮২তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে আইপিওর মাধ্যমে টাকা তোলার অনুমোদন দেয়।