বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। জাতির ঘাড়ে গণতন্ত্রের ছদ্মআবরণে স্বৈরশাসক চেপে বসেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’
তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
মকবুল আহমাদ বলেন, দেশের বর্তমান অবস্থায় আন্দোলনের বিকল্প নেই। ‘স্বৈরশাসকের’ বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা ও দোয়া আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালন করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সব শাখার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান এবং সকলের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

