পাঁচ মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল

প্রকাশিত: July 21, 2013 | সময়: 11:29 am

স্টাফ রিপোর্টার ॥ কলাবাগান, পল্টন, মতিঝিল ও রমনা থানায় করা পাঁচ মামলায় আদালতে হাজিরা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ হাজিরা দেন তিনি।
কলাবাগান, পল্টন ও মতিঝিল থানায় করা চার মামলায় আগামী ২২ আগস্ট পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন আদালত। রমনা থানার মামলায় আগামী ২৭ আগস্ট পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বারের সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে সিএমএম আদালতে এ হাজিরা দেন মির্জা ফখরুল।’
তিনি বলেন, ‘আদালতে হাজিরা দেয়ার উদ্দেশে সকাল ৯টার দিকে ঢাকা বার সমিতিতে সেক্রেটারির কে আসেন ফখরুল। পরে সেখান থেকেই আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে যান তিনি।’
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাগুলো দায়ের করে পুলিশ।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।