স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১১০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া সেখানে পুলিশের কাভার্ড ভ্যান, রায়তকার, জলকামান চোখে পড়েছে।
এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুল রহমান বলেন, ‘হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন কোনো মিছিল-মিটিং কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিএনপির কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেওয়া হবে না। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ প্রস্তুত।’
এদিকে, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, ‘২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো নাশকতার সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে। গণতন্ত্রের স্বার্থে এ হরতাল।’

