বিটিভির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে অনন্ত-বর্ষার পারফর্মেন্স

প্রকাশিত: December 31, 2014 | সময়: 10:33 am

বিনোদন ডেস্ক ॥ ১৯৬৪ সাল থেকে যাত্রা শুরু করে ২০১৪ সালে পর্যন্ত ৫০ বছর পার করছে বিটিভি। এ উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ‘অরেঞ্জ থ্রি-সিক্সটি লিমিটেড’। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে আজ।

সমাপনী অনুষ্ঠানে জমকালো পারফর্মেন্স নিয়ে স্টেজ মাতাবেন হালের ক্রেজ জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্ত-বর্ষার বিশেষ পারফর্মেন্সের মধ্য দিয়েই বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তির এই জমকালো অনুষ্ঠানের সমাপনী টানা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ এই অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন আমাদের গর্ব। প্রথম বাংলা টিভি হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। এখনও বিটিভি তার স্বকীয়তা ধরে রেখেছে। চ্যানেলটির ৫০ বছর পূর্তিতে আমার অভিনন্দন রইল। আশা করছি, দর্শকরা আমাদের পারফর্মেন্স উপভোগ করবেন।’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে।