বিনোদন ডেস্ক ॥ নিজের বিইং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে বরাবরই সমাজকল্যাণমূলক নানান কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন সালমান খান। এবার দেশের (ভারত) সীমানা পেরিয়ে শ্রীলঙ্কায় স্বাস্থ্য বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিলেন বলিউডের এই সুপারস্টার।
বিইং হিউম্যানের সহযোগিতায় এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষর ছেলে নামাল রাজাপক্ষ। সেখানে ৪৯ বছর বয়সী এই তারকার সঙ্গী ছিলেন তার ‘কিক’ ছবির সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি শ্রীলঙ্কারই মেয়ে। নামাল তার বন্ধু। তাই সালমানকে রাজি করাতে সাবেক মিস শ্রীলঙ্কার সহায়তা নিয়েছেন নামাল। ‘কিক’ ছবির সুবাদে সালমানের সঙ্গে জ্যাকুলিনের বন্ধুত্ব গড়ে উঠেছে। তাই বন্ধুর অনুরোধ ফেলতে পারেননি সালমান।
স্বাস্থ্য ক্যাম্পে চোখে ছানি পড়া মানুষদের ৩০০ লেন্স দান করার পাশাপাশি সালমান ও জ্যাকুলিন সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষর সঙ্গে।
আগামী ৮ জানুয়ারি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে লড়াই করছেন ফ্রিডম পার্টির এই রাজনীতিবিদ। শ্রীলঙ্কার মুসলিম সমাজে সালমানের জনপ্রিয়তা রয়েছে। তার উপস্থিতি নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কার্যকরী হবে বলে আশা রাজাপক্ষের। সমস্যা হলো রাজাপক্ষের বিরুদ্ধে তামিল গণহত্যার অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ কারণে তার পাশে সালমানকে দেখে চটেছেন তামিলনাড়ুর প্রাক্তন সাংসদ এমডিএমকে প্রধান ভাইকো।

