হবিগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ কারাগারে আজ বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাত নয়টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী কিবরিয়া হত্যা মামলার আসামি। গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা আমলি আদালত-১-এ তিনি আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাকে জেল হাজতে পাঠান। এর পর থেকে তিনি হবিগঞ্জ কারাগারে ছিলেন। আজ রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
হবিগঞ্জ জেলা কারাগারের সুপার নুর শেরা আহমদ ভুঁইয়া আরিফুল হকের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফুল হক চৌধুরী আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার উচ্চ রক্তচাপ বেড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

