পেট্রোলবোমায় বাস-ট্রাকে আগুন

প্রকাশিত: January 26, 2015 | সময়: 12:01 pm

জেলা প্রতিনিধি, বগুড়া ॥ জেলার পৃথক স্থানে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাতে বগুড়া-নওগাঁ সড়কে এবং বগুড়া-রংপুর মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিসি এন্টারপ্রাইজের একটি বাস নওগাঁ থেকে অল্প সংখ্যক যাত্রী নিয়ে বগুড়া আসছিল। বাসটি রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় চালক বাস থামালে যাত্রীরা সবাই বাস থেকে দ্রুত নেমে যায়। পরে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। অপরদিকে, রাত সোয়া ১১টার দিকে বগুড়া- রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের কাছে একটি পণ্যবোঝাই ট্রাকে ইটপাটকেল নিক্ষেপের পর পেট্রোল বোমানিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। আধাঘণ্টা পর বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মণ্ডল জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ২ ঘটনায় কেউ হতাহত হয়নি।