এসএসসি পরীক্ষার আগে সবার মনেই সহিংসতার ভয়

প্রকাশিত: January 29, 2015 | সময়: 10:33 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে প্রায় ১৫ লাখ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন।

এমন এক সময় এই পরীক্ষা হতে যাচ্ছে যখন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত ও হিংসাত্মক ঘটনা ঘটছে।

সহিংসতায়, বিশেষ করে যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা পেট্রোল বোমা নিক্ষেপের শিকার হয়ে সারাদেশে গত তিন সপ্তাহে ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন।

এ কারণে নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

ঢাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহম্মদ হাবিবুর রহমান বলছেন, অনেক অভিভাবকই তাদের কাছে এসে উদ্বেগ প্রকাশ করেছেন যে তাদের ছেলেমেয়েরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে কি না।

বিবিসি বাংলার কাছে কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন ছাত্রী বলেছেন, শহরের ভেতর দিয়ে পরীক্ষা দিতে যাবার সময় তাদের ওপর ককটেল বা পেট্রোল বোমা পড়ে কিনা এ নিয়েই তারা ভয়ে আছেন।

নীলক্ষেত হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বললেন, তারা পরীক্ষার সব প্রস্তুতিই সম্পন্ন করেছেন, তবে যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে তাতে সবার মধ্যেই একটা উৎকণ্ঠা কাজ করছে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ উদ্বেগের কথা স্বীকার করলেও বলেছেন, পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।- বিবিসি