চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: February 12, 2015 | সময়: 1:20 pm

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ পাহাড়তলীর এ কে খান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও গুরুতর আহত হয়েছেন ১০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর পাহাড়তলীর ইস্পাহানি রেলগেটে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস বেলা সোয়া ১১টার দিকে পাহাড়তলীর ইস্পাহানি রেলগেটে একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত হয় ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত-নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।