বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের চলমান পরমাণু আলোচনা বানচাল করার চেষ্টা করছেন। মার্কিন নিউজ চ্যানেল সিএনএকে এ কথা বলেছেন জারিফ।
বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু আলোচনা বানচালের চেষ্টা করছেন কিনা সিএনএন’এর পক্ষ থেকে প্রশ্ন করা হলে জবাবে জারিফ বলেন, হ্যাঁ সে চেষ্টাই করছেন তিনি।
তিনি আরো বলেন, উত্তেজনা এবং সংঘাত সৃষ্টির চেষ্টা করে কারো লাভ হবে না বলে ইরান মনে করে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু বিতর্কিত ভাষণ দেয়ার পর এ কথা বললেন জারিফ।
ভাষণে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী খারাপ চুক্তি করতে যাচ্ছে যার কারণে ইরানের সামনে আরো বড় পরিসরে পরমাণু কার্যক্রম পরিচালনা সহজ হবে। আইআরআইবি।

