স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : রিয়াল মাদ্রিদের সাথে একসময় সাফল্যের ভাগিদার ছিলেন তিনিও। অনেক সাফল্য দেখেছেন গোলপোস্টে দাঁড়িয়ে। অগাস্টিন রদ্রিগেজ তাই রিয়ালের সফল গোলরক্ষকদের একজন। আর তিনি মনে করছেন সান্তিয়াগো বার্নাবু ছাড়ার সময় এসে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ইকার ক্যাসিয়াসের। তিনি নিশ্চিত, রিয়াল ছাড়বেন এই দুই সুপারস্টার।
গেল ১২ মাস ধরে ক্যাসিয়াসের ফর্মটা ভিন্ন উচ্চতার জায়গায় নেই। তাকে নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব। শোনা যায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডেভিড ডি গিয়াকে আনতে চায় রিয়াল। গত কয়েক সপ্তাহ ভালো যাচ্ছে না রোনালদোর। মিডিয়া থেকেও বহু দূরে থাকছেন এই পর্তুগিজ সুপারস্টার। যদিও ক্লাব বলছে ক্যাসিয়াস ও রোনালদোকে তারা ধরে রাখতে চায়। তারপরও অগাস্টিন বলেছেন, এই মৌসুমের শেষে দুই তারকা রিয়াল ছাড়তে পারেন।
“আমার মনে হয় ইকার ক্যাসিয়াস সত্যিকার অর্থেই চলে যেতে যাচ্ছে। যাচ্ছে ক্রিশ্চিয়ানোও। আমি এই ব্যাপারে নিশ্চিত-” বলেছেন ৫৫ বছর বয়সী অগাস্টিন। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের ১০ বছর কেটেছিলো তার। রেডিও মার্কাকে এই কথা বলেছেন তিনি। এর সাথে তিনি যোগ করেছেন, “আমরা সংবাদটা আগামী বুধবার দেখবো।” বুধবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্তাসের সাথে খেলবে। প্রথম লেগে তুরিনে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে জুভরা।

