চট্টগ্রাম প্রতিনিধি ॥ থাইল্যান্ডের ফুকেত উপকূলে ডুবে যাওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি হোপের উদ্ধার হওয়া সেকেন্ড অফিসার মাহবুব হোসেন মিঠু চট্টগ্রামের মাটিতে পা রাখলেন। তিনি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহরে নিজ বাসায় পৌঁছান।
এর আগে মিঠুকে বহনকারী একটি বিমান ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বিকেলে ৪টায়। সেখান থেকে তিনি আরেকটি বিমানে করে চট্টগ্রামে পৌঁছান।
বিষয়টি নিশ্চত করেছেন মিঠু নিজেই। তিনি বলেন, ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। ঠিক মৃত্যুর দুয়ার থেকে পরিবারের কাছে, দেশের মাঠিতে ফিরে আসতে পেরেছি। এটিই এখন আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।’ মৃত্যুকে জয় করে ফিরে আসা এই নাবিক সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানান মহান আল্লাহকে।
মাহবুব হোসেন মিঠুকে গত ৫ এপ্রিল রাতে ফুকেত সমুদ্র উপকূল থেকে থাই রয়েল নেভি উদ্ধার করে। এরপর থেকে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাকে কাছে পেয়ে পরিবারে আনন্দের বন্যা বইছে। মিঠুর পরিবারে কাছে তার ফিরে আসাটাই হচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় উপহার। তার আসার খবর পেয়ে তার আত্মীয় স্বজন ও সাংবাদিকরা মিঠুর বাসায় আগে থেকেই ভিড় করেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই থাইল্যান্ডের ফুকেত উপকূলে এমভি হোপ দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজের ১৭ নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত ও দুই জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের ক্যাপ্টেনসহ ৬ নাবিক।

