মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: June 11, 2015 | সময়: 1:42 pm

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিচ্ছিন্ন কলাতলী চর থেকে মনপুরা আসার সময় মেঘনায় ঝড় ও ঢেউয়ের কারণে নইম মাঝির ট্রলার র্দুঘটনায় পরে।
এতে এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক।
ট্রলার র্দুঘটনায় স্থানীয়রা ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জেসমিন(২২), রুপা (৩), তানজিনা আক্তার (দেড় বছর), তাহমিনা (৩), মমতাজ (১)। তবে হাসপাতালে থাকা নিহত এক শিশুর নাম জানা যায়নি।
মনপুরা থানার ওসি হানিফ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান জানান, স্থানীয়দের সহযোগীতায় ট্রলারটি উদ্ধার করা হয়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের তৎপরতা চলছে।
মনপুরা হাসপাতালের দায়িত্বে থাকা ডাঃ অমিয়দেব ভট্ট জানান, দুর্ঘটনায় নিহত ৫ জনের লাশ হাসপাতালে আছে। আহত ১২ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।