খালেদা জিয়া ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আজ

প্রকাশিত: July 27, 2013 | সময়: 8:43 am

স্টাফ রিপোর্টার ॥ সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি সৌদির উদ্দেশে রওনা হবেন বলে তার গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে।
সৌদি আরব থাকাকালে তিনি সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে মদিনার দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন। বাদশার একটি ইফতার পার্টিতে যোগ দেয়ার পাশাপাশি সৌদি প্রবাসীদের আয়োজনে এক ইফতার পার্টিতেও তার যোগদানের কথা রয়েছে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান ও শমশের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব সালেহ আহমেদ প্রমুখ।
৬ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।