প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ খালেদার

প্রকাশিত: June 16, 2015 | সময়: 11:18 am

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র মাহে রমজানে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামী ২১ জুন রবিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সন্মানে খালেদা জিয়া এই ইফতার পার্টির আয়োজন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছিয়ে দেন। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাংসদ মৃনাল কান্তি দাস ও সহ দপ্তর সম্পাদক আবদুল মজিদ আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন।
এ প্রসঙ্গে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে ইফতার পার্টি দেবেন। প্রধামন্ত্রী ও দেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি।
তিনি আরো বলেন, আমরা উনার (শেখ হাসিনা) আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। আমরা আশা করি, এ রকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে। এর মধ্য দিয়ে রাজনীতিতে সম্প্রীতি আরও এক ধাপ এগোবে।