সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধে বিটিআরসিকে চিঠি

প্রকাশিত: June 17, 2015 | সময়: 10:34 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: দেশের সীমান্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খান মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাংলানিউজকে বলেন, চোরাচালান, ইয়াবা ও মানবপাচার রোধে মোবাইল অপারেটরদের শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চোরাচালান, ইয়াবা ও মানবপাচারসহ নানা রকম অবৈধ ব্যবসা বন্ধ করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক কার্যক্রম শুধু বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকল মোবাইল ফোন অপারেটরকে বাংলাদেশের সীমানার মধ্যে তাদের নেটওয়ার্ক সীমিত রাখতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালান, ইয়াবা ও মানবপাচারকারীরা বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় নানা অপরাধ করছে। এসব কর্মকাণ্ডে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করা হচ্ছে বলেও গোয়েন্দা সংস্থাগুলো সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে। এর ভিত্তিতেই মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম