শ্রীপুরে গৃহবধু খুন

প্রকাশিত: August 22, 2015 | সময়: 6:19 pm

শ্রীপুর(গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রীপুরে কেওয়া পশ্চিমখন্ড এলাকায় এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহতের স্বামী ও দেবরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আজ শুক্রবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠিয়েছে। নিহতের নাম নার্গিস আক্তার (৩৩)। সে শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকার জোবায়ের হোসেন বেপারীর (৪৫) স্ত্রী।
নিহতের ভাই মাসুদ রানা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্বামী পরিত্যাক্তা দু’সন্তানের জননী নার্গিস আক্তারের সঙ্গে প্রায় দু’বছর
আগে শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন বেপারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে নার্গিসকে তার স্বামী জোবায়ের মারধর করে আসছিল। নার্গিসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যৌতুক বাবদ নগদ টাকা ও আসবাবপত্র জোবায়েরকে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে জোবায়ের তার স্ত্রীর কাছে যৌতুক হিসেবে আরো ১ লাখ টাকা দাবী করে। দাবীকৃত ওই টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়। এর জের ধরে জোবায়ের হোসেন বেপারী
ও তার ছোট ভাই ইসমাইল হোসেন বেপারী (৩৮) রাতে নার্গিসকে বেধড়ক মারধর করে। এতে নার্গিস ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে
শ্রীপুর মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় নিহতের স্বামী জোবায়ের হোসেন বেপারী ও দেবর ইসমাইল হোসেন বেপারীকে আসামী করে নার্গিসের ভাই মাসুদ রানা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।